বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরসহ তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন বিষয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে।
২১টি উপজেলার ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জামালপুরের ৫টি সংসদীয় আসনে ১৬ প্লাটুন, কুড়িগ্রামের ১টি সংসদীয় আসনে ৮ প্লাটুন ও টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ১৯ প্লাটুন মোতায়েন থাকবে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সেনাবাহিনীর পরিবর্তে এককভাবে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তবে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ নজরদারি রাখা হবে।
লে. কর্নেল হাসানুর রহমান আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়মিত রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য বিজিবি কাজ করছে। ভয়ভীতি প্রদর্শন, মারমারি, সহিংসতা, জোর করে ব্যালটে সীল মারা, ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। এছাড়া যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লে. কর্নেল হাসানুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.