গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম বলেছেন, দেশ আজ নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও রাজনৈতিক সংকটে নিপতিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো কুরআন-সুন্নাহভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয়।
তিনি বলেন, দেশ চালাতে ভালো নেতা ও ভালো নীতি প্রয়োজন। পূর্বে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের মধ্যে ভালো নেতা ও ভালো নীতির ঘাটতি ছিল। যার কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের শাসনামলে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছিল।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাতটায় গৌরনদী পৌরসভার বালুর মাঠে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বরিশাল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে রাসেল সরদার মেহেদীকে বিজয়ী করুন। হাতপাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি ও আল্লাহভীরু নেতৃত্ব।
হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালে আমার দাদা ও বাবা হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদের বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন। আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে হিন্দু ভাইদের উপাসনালয় পাহারা দিয়েছি এবং তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা দিয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কা বিজয়ী হলে দেশ নিরাপদ থাকবে, এদেশের হিন্দুরাও নিরাপদ থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে একজন ভালো নেতা দাবি করে হাতপাখা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান।
হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। একইদিন বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে হাতপাখা মার্কার সমর্থনে একটি মিছিল বের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.