আমতলী (বরগুনা) প্রতিনিধি
সংসদ সদস্য নির্বাচিত হলে বরগুনা জেলায় কোনো ধরনের চাঁদাবাজি থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বরগুনা–১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বরগুনাকে চাঁদামুক্ত জেলায় পরিণত করা হবে এবং যানবাহন চলাচল থাকবে চাঁদামুক্ত। একই সঙ্গে জেলার সব পৌরসভাকে টোলমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)রাতে আমতলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমতলী সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ জালাল মৃধার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব প্রমুখ।
আয়োজকদের দাবি, পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

