হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)রাতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তিনি উপজেলার রামপুর মোড়লবাড়ী এলাকার হেলাল উদ্দিনের ছেলে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি বিল্লাল হোসেন শ্রাবণ ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের মালিকের কাছে চাঁদা দাবি করতে থাকে। ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে প্রায় ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধের হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এছাড়া একই দিন রাত ৮টা ৫০ মিনিটে অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফিলিং স্টেশনের মালিককে ফোন করে গালিগালাজ ও চাঁদা দিতে চাপ প্রয়োগ করেন। আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে পিস্তল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.