নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
“আমরা শাসক হবো না, সেবক হবো”—এই স্লোগান সামনে রেখে গাজীপুর–৫ (কালীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ খায়রুল হাসান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করেন তিনি। এতে গাজীপুর–৫ আসনকে নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর এবং ন্যায়ভিত্তিক আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করা হয়।
ইশতেহারে ১০টি উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো—নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ, সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও সংস্কৃতি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুব ও ক্রীড়া, দুস্থ ও অসহায় পুনর্বাসন, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি এবং কৃষি, শিল্প ও বাণিজ্য খাত।
তিনি জানান, নির্বাচিত হলে প্রথম বছরে সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদার, স্বাস্থ্যখাতের জরুরি সেবা উন্নয়ন, যুবদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কৃষকদের প্রণোদনা এবং শিক্ষা ও সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
প্রথম তিন বছরে সড়ক, ব্রিজ ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, আইটি হাব ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বাজার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। তিন থেকে পাঁচ বছরের মধ্যে পরিকল্পিত শিল্প জোন ও বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন, সাবেক সচিব শেখ কেএম মোতাহার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

