শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে কৈখালী বিজিবি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি’র দায়িত্বরত এলাকা থেকে গোলাখালি নদীর পাড়ে চিংড়ি ঘেরে মাটির নিচে পুতে রাখা ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রীং, ৫০টি পিষ্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক সিজার মূল্য চার লাখ সত্তর হাজার দুইশত টাকা।
নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্র চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সেই লক্ষ্যে সীমান্তে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। গণমাধ্যমসহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

