স্টাফ রিপোর্টার, চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে চিতলমারী উপজেলায় মোট ৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৫টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। মাত্র ৮টি ভোট কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। এ সকল কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে।
সককারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৯টি। যেসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হবে। নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলের ব্যবস্থা রয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছেন। রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে।

