মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ ই ফেব্রুয়ারী) ভোরে তালিকাভুক্ত ‘নৌ ডাকাত’ নয়নের ছেলে এবং স্থানীয় কিশোর গ্যাং লিডার নিরবের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
অভিযানে ১টি শুটার গান, ২ রাউন্ড অ্যামোনিশন (গুলি), অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ০৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়,সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত গজারিয়ার গুয়াগাছিয়া এলাকায় এই তল্লাশি অভিযান চালায়।
পরিচালিত এই অভিযানে নিরবের বাসা থেকে ১টি শুটার গান, ২ রাউন্ড অ্যামোনিশন (গুলি), অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ০৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন নিরবকে বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, নিরব ওই এলাকার কুখ্যাত ‘নয়ন ও পিয়াস’ ডাকাত দলের অন্যতম শীর্ষ নেতা নয়নের ছেলে। সে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। তার বাবা ও সহযোগীদের অনুপস্থিতিতে নিরব এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের মাধ্যমে ত্রাস সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা বাহিনী আরও জানায়, যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।

