যশোর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্তি ও ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন। তিনি নেতাকর্মীদের ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর শহরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, একটি পক্ষ দেশের মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষা ধারণ করে না এবং দ্বিমুখী রাজনীতি করছে। তিনি বলেন, “ভোট প্রার্থীর কাছে নয়, ভোট রয়েছে জনগণের হাতে। তাই প্রত্যেককে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।”
ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক ব্যবসায়ী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে। “আপনারা জনগণের টাকায় বেতন পান—তাই বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আগের নির্বাচনের মতো কোনো প্রহসনের নির্বাচন আর দেখতে চায় না জনগণ। ভোটের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্যও নেতাকর্মীদের আহ্বান জানান।
ধানের শীষের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই চাপের মধ্যে রয়েছেন। তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারা মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন ঠিকই, কিন্তু ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ারসহ জোটের অন্যান্য নেতারা।
হাসনাত আব্দুল্লাহর আগমন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ সভাস্থলে উপস্থিত হন। পথসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

