মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রবাসী প্রান্ত হাওলাদারের (২৮) মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রান্ত হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ঘটনার সময় প্রান্ত হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে, ফলে একজন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন। তারা দাবি করেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে প্রান্তের কোনো সম্পৃক্ততা নেই এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রান্ত হাওলাদারের মা আসমা বেগম। তিনি বলেন, “আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাসখানেক আগে দেশে এসেছে। ঘটনার সময় সে শ্বশুরবাড়িতে ছিল। কোনো ধরনের তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
মানববন্ধন থেকে অবিলম্বে প্রান্ত হাওলাদারের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন অংশগ্রহণকারীরা।
প্রান্ত হাওলাদার মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা এবং নুরু হাওলাদারের ছেলে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “নির্দোষভাবে কাউকে হয়রানি করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.