Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে ৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণের সব আয়োজন সম্পন্ন 

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এই উপজেলা নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।

এ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর, জামায়াতের অধ্যাপক আল-হালাল তালুকদার, সিপিবির জলি তালুকদার, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মোখলেসুর রহমান ও ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকারসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ১৫২ জন, নারী ভোটার ৩৯ হাজার ৬৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। ভোট গ্রহণের জন্য ৪১টি কেন্দ্রে ১৫৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ১৬২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩২৩ জন পোলিং অফিসারকে গত ১ ফেব্রুয়ারি খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলা হলরুমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৪১টি কেন্দ্র সিসি ক্যামেরাসহ প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার-ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।”

২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জাকির হোসেন জানান, খালিয়াজুড়িতে পাঁচ প্লাটুন সেনাসদস্য মোতায়েন রয়েছে। তারা নিয়মিত টহলসহ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

৩১ বিজিবির জিসিও সুবেদার মো. আব্দুল বাসেত বলেন, “আমাদের দেড় প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার মো. সিদ্দিকুর রহমান জানান, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় ৫৩৩ জন আনসার-ভিডিপি সদস্য কাজ করবেন। প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারী সদস্য, চারজন নারী সদস্য ও ছয়জন আনসারসহ মোট ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “৪১টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে ঘরে ফিরতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।