কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী নতুনকুড়ি শিশু একাডেমি ও বৈরাটী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুল্লী বৈরাটী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুল্লী বৈরাটী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ নুরুল গণি খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন আহমেদ খোকন।
শাহিন খন্দকারের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও কেন্দুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন আহমেদ খোকন বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। তিনি শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

