সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বাগেরহাট-২ আসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মহিলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং প্রতিনিয়ত নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। এসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। বাগেরহাটে নারীদের এমন বিক্ষোভ মিছিল প্রথমবার আয়োজন করা হয়েছে বলেও জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেন, নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিবাদের বার্তা দিতে ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের পরিচালিকা ডা. মনোয়ারা আজাদ বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক মনিরা সাঈদ, ডা. আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম ও লায়লা আরজুমান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

