হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও তিন বারের সফল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পক্ষে স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে হোসেনপুর পৌর এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং “মাজহারুল ইসলামের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানে এলাকায় গণজোয়ার সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের সুমন বলেন, “মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ বিএনপির পরীক্ষিত নেতা। সদর ও হোসেনপুরের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে।”
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সহযোদ্ধারা এবং ছাত্র-শাখার নেতারা। বক্তারা ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের চেতনা ধারণ করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা রাজপথে আছে বলে জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, মাজহারুল ইসলাম এমপি নির্বাচিত হলে হোসেনপুর ও সদর উপজেলার মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

