মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারসহ বিভিন্ন ইউরোপীয় শহর থেকে সরাসরি ফ্লাইট চালু করা হবে। বর্তমানে সিলেট থেকে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চললেও প্রবাসীদের চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “যুবসমাজকে নেতৃত্বে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়া হবে, যেখানে জাতি, ধর্ম ও বর্ণভেদের কোনো স্থান থাকবে না।”
ডা. শফিকুর রহমান চা শ্রমিকদের জন্য স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের রাষ্ট্রীয় দায়িত্বে বিকাশ নিশ্চিত করার ঘোষণা দেন। এছাড়া প্রবাসীদের মরদেহ দেশে আনা এবং নিহত শ্রমিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও জানান। তিনি বলেন, চুরি-চাঁদাবাজি বন্ধ থাকলে এসব কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ হবে।
জনসভায় কুলাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীর পক্ষে ভোট প্রার্থনা করেন ডা. শফিকুর রহমান। উন্মুক্ত মাঠে আয়োজিত এই সভায় বিপুলসংখ্যক নারীসহ হাজারো মানুষ অংশ নেন।

