চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার উজলপুর গ্রামে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উজলপুর গ্রামে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে দর্শনা পৌর শাখার আমির মো. সাহিকুল আলম অপু ঘটনাস্থলে পৌঁছালে তার ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়, কিছু সন্ত্রাসী দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় গোলযোগ সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এদিকে জামায়াতের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
সংঘর্ষের পর দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী টহল দিচ্ছে।
সংঘর্ষে আহত কর্মীদের দেখতে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে আহতদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, “১২ তারিখে ব্যালটের মাধ্যমে বিজয় অর্জনের লক্ষ্যে সবাইকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানাই।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

