বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন।
নতুন যোগদানকারী অ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকেই জনগণের আশা-ভরসার দল মনে করে তিনি ও তার সহকর্মীরা দলটিতে যোগ দিয়েছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির পতাকাতলে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। তিনি নতুন সদস্যদের স্বাগত জানান এবং আগামী নির্বাচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

