আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে ন্যায় ও ইনসাফের পক্ষের লড়াই। মুক্তিকামী ছাত্র-জনতা ব্যালটের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সাতক্ষীরা-৩ ও ৪ আসনের নির্বাচনী সভায় বক্তব্য দেন এবং পরে সাতক্ষীরা-১ আসনের সভায় অংশ নেন।
বক্তব্যে সাদিক কায়েম বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, ভোটের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটানো সম্ভব।
তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং দেশের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক ওমর ফারুক, এবি পার্টির জেলা সভাপতি জি এম সালাউদ্দীন শাকিল, জাগপা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, এনসিপি জেলা সভাপতি কামরুজ্জামান বুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

