জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনে ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো বিশাল নারী সমাবেশ ও মিছিল আয়োজন করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আসন্ন নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
সমাবেশে উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সমাবেশে তাঁদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

