নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন সানা মোল্যা (৫০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে হত্যা করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামের প্রবাসী আবুল কালাম আজাদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহাঙ্গীর হোসেন সানা মোল্যা যশোর জেলার মনিরামপুর উপজেলার চালুয়াহাটি এলাকার নয়েজ সানার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর হোসেন সানা চাঁদপুর গ্রামের প্রবাসী আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনা করতেন এবং পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে গেছে।
নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, “গত কয়েক দিন ধরে আমাদের মধ্যে মনোমালিন্য থাকায় তার সঙ্গে যোগাযোগ ছিল না। তাকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে।”
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

