গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন ব্যাপক নির্বাচনী প্রচার ও পথসভা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডজুড়ে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
পথসভাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে।

