মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। একই সঙ্গে দলটির মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী রোকেয়া আক্তার জনগণকে জাতীয় সংসদ নির্বাচনে ‘না ভোট’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার(৮ ফেব্রুয়ারি)দুপুর ১২টায় সিরাজদিখান খাসমহল বালুচর গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন রোকেয়া আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একক গোষ্ঠিবাদী স্বৈররাজনীতির খুন-জুলুম ও দ্বৈরদস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, ধর্ম ও রাষ্ট্র রক্ষার জন্য মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
রোকেয়া আক্তার আরও দাবি করেন, বর্তমান জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকারের সংকট মূলত রাজনৈতিক সংকটের ফল। তিনি বলেন, একক ধর্মের নামে উগ্রবাদী ও জঙ্গিবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠিবাদী স্বৈররাজনীতি দেশের সংকটের মূল কারণ।
তিনি বলেন, “খুন-সন্ত্রাস, দুর্নীতি, জবরদখল ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অবসানে মানবতার রাজনীতি ছাড়া বিকল্প নেই। সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে অসাম্প্রদায়িক, উন্নত ও শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ গুলশান থানা সদস্য সচিব হুসনে মোবারক, মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব শাকিলা ইসলাম, কেন্দ্রীয় স্টুডেন্ট ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হক, সহ-প্রচার সম্পাদক শর্না আক্তার এবং জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

