শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো পলাশে নির্বাচনী নারী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জিনারদি ইউনিয়নের তারগাঁও বিএনপি কেন্দ্রীয় অফিসে নারী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাজার বিএনপি কেন্দ্রীয় অফিসে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসীমউদ্দিন মৃধা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পক্ষে রাজনীতি করি। এদেশকে বাঁচাতে হলে যোগ্য প্রার্থীর নির্বাচন করতে হবে। সেই যোগ্য মানুষ হলেন তিনবারের মন্ত্রী, আমাদের পলাশবাসীর প্রাণের মানুষ, মাটি ও মানুষের নেতা ড. আব্দুল মঈন খান। এবার দেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের ব্যবস্থা করা হবে। তাই আমরা নিজ দায়িত্বে নিজ কেন্দ্রে উপস্থিত থাকব।”
তিনি আরও বলেন, “দেশ গঠনে পুরুষদের পাশাপাশি নারীর ভূমিকা অপরিসীম। রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য।”
সমাবেশে উপস্থিত ছিলেন যুব নেতা আল আমিন, রুবেল আহমেদ, বিএনপির বজলুর রহমান শরিফুল, শরিফ মিয়া, কাউসার মিয়া, রোমান ভূইয়া, আলম মিয়া, হাফিজুল হক, মোক্তার হোসেন, শামসুল হক, আশরাফ হোসেনসহ বিপুল সংখ্যক নারী নেত্রীবৃন্দ।

