বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে নির্বাচনি পথসভায় রঙ্গিন ব্যানার ব্যবহার ও মসজিদে ভোট প্রার্থনা করার অভিযোগে জামালপুর-৫ আসনের বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে শোকজ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ শোকজ নোটিশ জারি করে। নোটিশে বলা হয়েছে, ওয়ারেছ আলী মামুন ১ ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে নির্বাচনী পথসভায় রঙ্গিন ব্যানার ব্যবহার করেন। ওই ব্যানারে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে প্রচার করা হয়।
এছাড়া, গত ৬ ফেব্রুয়ারি সিংহজানী স্কুল সংলগ্ন কাচারীপাড়া মসজিদে জুমার নামাজের সময় মুছুল্লিদের নিকট ভোট প্রার্থনা করার ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৭ (ঙ)(চ) এবং বিধি-১৫(খ) লঙ্ঘনের শামিল।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি প্রার্থীকে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১১.৩০ মিনিটে স্ব-শরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, নোটিশ দ্রুত প্রেরণ নিশ্চিত করতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ প্রদান করা হয়েছে।
নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫-এর দায়িত্বপ্রাপ্ত জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ইকবাল মাহমুদ এ নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.