শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়ার বাসিন্দা এবং গোয়ালন্দ বাজারের ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে।
সোমবার বেলা দেড়টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত সাবেক পৌর মেয়র নজরুল মন্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের শ্বশুর, গোয়ালন্দ বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সেতু বছর খানেক আগে তার মেয়েকে বিয়ে করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার মেয়ে অকালেই বিধবা হয়ে গেল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.