গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ১১ দলীয় জোটের আয়োজনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার কুমড়াকান্দি হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, “মানুষ জানে কারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। আমাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, রাতের বেলায় ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধে কাজ করবেন।
গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য আক্তারুজ্জামান, গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন প্রামানিক, ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান রাকিব, নাজমুল হাসান এবং খেলাফত মজলিশের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসেমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.