Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিন্টু বলেন, ভোটারদের ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে এবং ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “ভোটের ফলাফলের স্লিপ নিয়ে বাড়ি ফিরবেন, যেন কেউ অপকৌশলে ভোটের অধিকার হরণ করতে না পারে।”

এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে লালপুলে ফ্লাইওভার নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সংযোগ, সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, একটি মহিলা কলেজ নির্মাণ, সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, রাস্তাঘাট ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ও অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সভায় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।