কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৬টি গুরুত্বপূর্ণ ও ১৮টি অতিগুরুত্বপূর্ণ বলে জানা গেছে। এবারে এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ২৬৩ জন।
সহকারী রিটার্নিং অফিসার ও কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা জানান, এ উপজেলায় ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও ১৭টি অতিগুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সহকারী রিটার্নিং অফিসার ও পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক জানান, সেখানে ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৫৭টি এবং অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র ১টি রয়েছে।
সহকারী রিটার্নিং অফিসাররা জানান, নির্বাচন নির্বিঘ্নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দুই উপজেলায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ এবং অতিগুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিজিবি ও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে থাকবে।
কাউনিয়া ও পীরগাছা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৫৯৬ জন এবং মহিলা ১ লাখ ৮ হাজার ৯৬৯ জন। পীরগাছা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৬২৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬৫ জন। এছাড়া ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.