জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট র্যাব অফিস থেকে একটি বিশেষ দল প্রধান সড়ক হয়ে পাচুর মোড়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নেয়।
র্যাব দলটি ভোটকেন্দ্রের আশপাশে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে সম্ভাব্য সন্ত্রাস ও সহিংসতার ঝুঁকি কমানোর চেষ্টা করছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লেফটেন্যান্ট আল-মুমেন জানান, “জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদভাবে তাদের ভোট প্রদান করতে পারে, সেই লক্ষ্যেই আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। আমাদের সঙ্গে ইতোমধ্যে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপি সহ সকল স্তরের কর্মচারী ও কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন। আমরা চাই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে পরিচালিত হোক।”
র্যাবের এই টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

