শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারী উপজেলার ৪৯টি ভোটকেন্দ্রে স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে সকল ভোটকেন্দ্রের ভিতরে এবং বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলার সকল ভোটকেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তা বিবেচনা করে মোট ৪৯টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যাতে ভোট গ্রহণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও জানান, চিতলমারী উপজেলা একটি শান্তিপ্রিয় ও সম্প্রীতির এলাকা।
তিনি বলেন, পুরো উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আসনার ব্যাটালিয়নসহ সাধারণ আনসার সদস্য মোতায়েন থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

