দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে এ ঘটনা ঘটে। দুই কিশোরের সাহসিকতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে দুই কিশোর চিৎকার শুরু করে। তাদের ডাক শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটির নিরাপত্তায় দুইজন গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী দায়িত্বরত থাকার কথা থাকলেও ঘটনার সময় তারা কেউই সেখানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, আগুন দেওয়ার সময় তিনজনই রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন। নিরাপত্তায় এমন ফাঁক থাকার বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভোটকেন্দ্রে চারটি সিসিটিভি ক্যামেরা সচল থাকলেও ফুটেজে দুর্বৃত্তদের কোনো উপস্থিতি শনাক্ত করা যায়নি। দীর্ঘক্ষণ ফুটেজ পর্যালোচনা করেও আগুন লাগানোর দৃশ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আধুনিক প্রযুক্তি ফাঁকি দিয়ে কীভাবে এ ঘটনা ঘটানো হলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
খবর পেয়ে দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনার ছবি ধারণ করেছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজে কিছু না মিললেও সব দিক বিবেচনায় নিয়ে কাজ চলছে। দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.