Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে শটগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সহযোগী আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান, কার্তুজ, নয়টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় নয়ন–পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম জামাল হোসেন (৪৪)। সেনাবাহিনীর দাবি, তিনি নয়ন–পিয়াস ডাকাত দলের সোর্স হিসেবে কাজ করতেন।

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াগাছিয়া ইউনিয়নের চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালানো হলে একটি দেশীয় শটগান, তিন রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রিয়াজকে বাড়িতে পাওয়া যায়নি।

সূত্র জানায়, রিয়াজের বাবা আকতারের বিরুদ্ধে ২৭টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। নয়ন–পিয়াসের অনুপস্থিতিতে আকতারই ডাকাত দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডাকাতদের চেনেন না বলে দাবি করলেও পরে তার কাছ থেকে পিয়াসের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। এছাড়া চর এলাকা থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলার জব্দ করা হয়েছে।

গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, গ্রেফতার ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গজারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।