মুন্সীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিরাপদ বলয়ে পাঠানো হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন থেকে ভোটগ্রহণে ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সকল উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
মুন্সীগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। এ আসনের ১৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় ১১৭টি এবং গজারিয়া উপজেলায় ৫২টি ভোটকেন্দ্র রয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ব্যালট পেপারসহ নির্বাচনী সব সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে উপজেলা প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ টিমসহ সিনিয়র কর্মকর্তাদের পৃথক টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

