মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত জয় ব্যাপারি জানান, নির্বাচনী প্রচারণার সময় শেষ হওয়ায় তারা পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপির একটি মিছিল করতে নিষেধ করেন। এতে বিএনপির সমর্থকরা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, এলাকায় গেলে বিএনপির সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.