ফরিদপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৫৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারণে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১০ জন, নারী ভোটার ৮ লাখ ৬৮ হাজার ৯৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনেক কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইন করা হয়েছে এবং পর্যাপ্ত নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
সকালে লস্করদিয়া কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। এছাড়া রাজেন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দেন ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী নায়াব ইউসুফ। উভয় প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম আগেই পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
জেলার বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.