চুয়াডাঙ্গা প্রতিনিধি
(১২ ফেব্রুয়ারি): চুয়াডাঙ্গা পৌর শহরের রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে নগদ ৭৯ হাজার টাকাসহ জামায়াতের এক নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আটক শরিফ হাসান (৫৫) চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ জানান, শরিফ হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়াতের সভাপতি আব্দুস শুকুর বলেন, বিষয়টি পরিকল্পিত। তার দাবি, উদ্ধার হওয়া ৭৯ হাজার টাকা নির্বাচনী এজেন্টদের খরচ, ভ্যানভাড়া ও নাস্তার জন্য ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমির মো. শাহাবুদ্দিনকে প্রিজাইডিং অফিসার আটক করেন বলে জানা গেছে।
এছাড়া চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় রিকশাভ্যানে পোস্টার টাঙানোর অভিযোগে একজন বিএনপি ও একজন জামায়াত কর্মীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ঘটনাগুলোকে কেন্দ্র করে শুরুতে উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.