ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি পৃথক ভোটকেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং বিএনপি কর্মী মো. রবিউল। সংশ্লিষ্ট সূত্র জানায়, নারানদিয়া স্কুল কেন্দ্র থেকে আমজাদ হোসেন, জয়ঝাপ স্কুল কেন্দ্র থেকে আবুল কালাম এবং ইউসুফদিয়া স্কুল কেন্দ্র থেকে রবিউলকে আটক করা হয়।
সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল কেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাদের আটক করে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে মাঠে থাকা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

