দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে ভোট চাওয়া ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন স্কুলছাত্র ও বিএনপি নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট চাওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনকে আটক করা হয়। তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
দুপুর ২টার দিকে আল্লারদর্গা হাইস্কুল কেন্দ্রে বিএনপি দলের পোস্টার প্রদর্শন করে ভোট চাওয়ার অভিযোগে সফি (৪৮) নামে একজন বিএনপি কর্মীকে সেনাবাহিনী আটক করেছে। এছাড়া বিকেল ৪টার দিকে গাছিরদিয়াড় হাইস্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় সোহান (১৫) নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম জানান, নির্বাচনী আইন অমান্য করে ভোটকেন্দ্রের ভেতরে প্রচারণা চালানো ও জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ জানিয়েছেন, আটক ব্যক্তিদের জুডিশিয়াল হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পৃথক ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমজাদ হোসেনসহ তিনজন বর্তমানে থানা হেফাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সারা দেশের ন্যায় দৌলতপুরেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নারী ও পুরুষ ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলো উৎসবমুখর হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.