খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (তেরখাদা) আসনের ৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোট গণনা।
এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ আট হাজার ৩৮৫ জন। এসব ভোটারের অংশগ্রহণে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ভোট কাস্টিংয়ের হার ছিল প্রায় ৫০ শতাংশ। তবে বিকেলের দিকে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন।
ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। গণনা শেষে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

