নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম হিলালী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিপুল ব্যবধানে জয়লাভ করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৩৯টি কেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ৮ হাজার ৭৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৪ হাজার ৮০৬ ভোট। সে হিসেবে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৩৯।
ফলাফল ঘোষণার পর থেকেই কেন্দুয়া উপজেলা ও আটপাড়া উপজেলা জুড়ে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়।
স্থানীয় ভোটারদের ভাষ্য, উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ততার প্রতিশ্রুতির মাধ্যমে রফিকুল ইসলাম হিলালী সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন তার বড় ব্যবধানের জয়ে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম হিলালী বলেন, “এই বিজয় আমার একার নয়—এটি কেন্দুয়া ও আটপাড়ার জনগণের বিজয়। আমি সকলের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
উল্লেখ্য, এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।

