রাসেল আহমেদ, খুলনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের তেরখাদা উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিশেষ করে সনাতন অধ্যুষিত কেন্দ্রগুলো—আজগড়া, সাচিয়াদহ ইউনিয়ন, বারাসাত কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছাগলাদহ ইউনিয়নের দক্ষিণ কুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয়—এ তার লিড স্পষ্টভাবে ফুটে উঠেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৮,৪৫৩। ১৪৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২,৪৬,৮১৬। চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে আজিজুল বারী হেলাল পেয়েছেন ১,২৩,১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওলানা সাখাওয়াত হোসেন (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ১,০৯,৫৩০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ পেয়েছেন ১৩,৩৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (ফুটবল প্রতীক) পেয়েছেন ৮৫৯ ভোট।
সনাতন অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটের দিন প্রশাসনের তৎপরতা এবং পর্যবেক্ষকদের উপস্থিতিতে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার কারণে ধানের শীষ প্রার্থীকে সনাতন ভোটাররা সমর্থন দিয়েছেন।
উপজেলা যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু জানিয়েছেন“হিন্দু সম্প্রদায়ের ভোটাররা স্বাধীনতার স্বপক্ষে তাদের ভোট দিয়েছেন। সর্বোপরি, আজিজুল বারী হেলাল একজন অত্যন্ত সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। এই কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ তার প্রতি আস্থা রেখে তাকে ভোট দিয়েছেন।”
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা বলেন:“আজিজুল বারী হেলাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। তার আন্তরিকতা এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদানের কারণে সনাতন ভোটাররা তাকে সমর্থন করেছেন। ফলাফলে এটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”
স্থানীয় বিশ্লেষকদের মতে, সনাতন কেন্দ্রগুলোতে বড় ব্যবধান গড়ে ওঠার কারণে খুলনা-৪ আসনে বিজয়ী হওয়ার পথ হেলালের জন্য সহজ হয়েছে। শান্তিপূর্ণ ভোট ও প্রশাসনের তৎপরতায় ভোটার আস্থা বজায় থাকায় ধানের শীষ প্রার্থীর বিজয় সুসংহত হয়েছে।
ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে, সনাতন অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারদের সমর্থন ধানের শীষ প্রার্থীর প্রতি দৃঢ়, এবং এটি খুলনা-৪ আসনের নির্বাচনী ফলাফলের চিত্রকে প্রভাবিত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.