পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও দেশবাসীর কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেদায়েতুল ইসলাম কাশেমী বলেন, সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে কোনো ধরনের মোনাফেকি করেনি; বরং ২৯৫টি আসনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পলাশ উপজেলা ওয়াপধা বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক কারী ইসমাইল হোসেন হাশেমী-র সঞ্চালনায় এবং পলাশ শাখার সভাপতি মাওলানা নোমানুল করীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বোচ্চ সহযোগিতা করেছে। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে জোটের বিজয় উপলক্ষে দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংগঠনের পলাশ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসাইন, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ জমিয়তের বিভিন্ন নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

