দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাঁর বড় ছেলে আসিফ রেজা শিশির মোল্লা দৌলতপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি বিজয়ের জন্য ভোটারদের ধন্যবাদ জানান এবং নির্বাচন-পরবর্তী সময়ে দৌলতপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে যারা বিরোধী মতের মানুষের ওপর অন্যায় বা অত্যাচার করার চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দেন।
ভিডিও বার্তায় শিশির মোল্লা বলেন, জনগণের অক্লান্ত পরিশ্রমে তাঁর বাবা বিজয়ী হয়েছেন এবং এজন্য তিনি দৌলতপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, বিরোধী দল করা সবার গণতান্ত্রিক অধিকার—কাউকে শুধুমাত্র রাজনৈতিক মতের কারণে হয়রানি বা নির্যাতন করা যাবে না।
তিনি আরও বলেন, “আমাকে খারাপ বানাবেন না। আমরা সবাই দৌলতপুরের মানুষ—একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। কেউ যদি অন্যায় করার চিন্তা করে থাকেন, এখনই সাবধান হয়ে যান।”
তার এই বার্তাকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। অনেকের মতে, এ ধরনের বক্তব্যে দৌলতপুরে বিরোধী মতের মানুষের মধ্যেও আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

