নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর-১ আসনে নির্বাচনে পরাজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নির্বাচনের ফল প্রকাশের পর দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ফলাফল প্রত্যাশামতো না হলেও কর্মী-সমর্থকদের ভালোবাসা, পরিশ্রম ও আন্তরিকতার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। জয়-পরাজয় গণতন্ত্রের স্বাভাবিক অংশ উল্লেখ করে মানুষের পাশে থাকার অঙ্গীকারই তাঁর সবচেয়ে বড় শক্তি বলে জানান তিনি।
নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে আলমগীর হোসেন বলেন, “আমরা হেরে যাইনি, বরং অভিজ্ঞতা অর্জন করেছি। আরও শক্তভাবে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা পেয়েছি।” তিনি সবার ত্যাগ ও শ্রম আজীবন মনে রাখবেন বলেও উল্লেখ করেন।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২৫ হাজার ৫৫৪।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৬৪টি। নির্বাচন-পরবর্তী বার্তায় আলমগীর হোসেন সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নতুন উদ্যম ও পরিকল্পনায় ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এই বার্তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.