মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ (মধুখালী–বোয়ালমারি ও আলফাডাঙ্গা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ৫৪ বছর পর আওয়ামী লীগবিহীন নির্বাচনে এই আসনে প্রথমবার জামায়াতের প্রার্থী জয় লাভ করলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৮৭ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা–এর কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন তাদের জামানত হারানোর পথে রয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন–এর ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১২.৫ শতাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত হারানোর পথে থাকা প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবীর (মোটরসাইকেল) ২,১৫৯ ভোট, জনতা পার্টির মৃন্ময়কান্তি দাস (রকেট) ৭৮৬ ভোট, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান (লাঙ্গল) ৫০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. হাসিবুর রহমান (হরিণ) ৪৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান জিকো (উট) মাত্র ৮৪ ভোট পেয়েছেন।
ফরিদপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১০ হাজার ৫৫৬ জন। নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

