খুলনা প্রতিনিধি
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৮ প্রার্থীর মধ্যে ২৬ জনই জামানত হারিয়েছেন। বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম পাওয়ায় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাম দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এই তালিকায় রয়েছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ছয়টি আসনের অধিকাংশ বিজয়ীই নতুন মুখ। মাত্র একজন ছাড়া বাকিদের আগে সংসদ সদস্য থাকার অভিজ্ঞতা নেই। এবারের নির্বাচনে খুলনার ছয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দুটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে খুলনা-২ ও খুলনা-৪ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। খুলনা-৫ আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে বিএনপি ও খেলাফত মজলিস-এর প্রার্থীর মধ্যে।
আসনভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, খুলনা-১ আসনে ১২ প্রার্থীর মধ্যে ১০ জন জামানত হারিয়েছেন। খুলনা-২ আসনে তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে পারেননি। খুলনা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে আটজন জামানত হারান। খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনেও একাধিক প্রার্থী নির্ধারিত ভোটসীমা অতিক্রম করতে ব্যর্থ হয়েছেন।
নির্বাচনের আগে খুলনার কয়েকটি আসনে নিজেদের শক্ত অবস্থানের দাবি করেছিল ইসলামী আন্দোলন। বিশেষ করে খুলনা-৩ ও খুলনা-৪ আসনকে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরা হয়। তবে ফলাফলে দেখা যায়, খুলনা-৩ আসনে দলটির প্রার্থী ৫ হাজার ৭০৫ ভোট পান এবং ওই আসনে জামায়াত প্রার্থী পরাজিত হন ৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে। পর্যবেক্ষকদের মতে, ভোট বিভাজন ফল নির্ধারণে প্রভাব ফেলেছে।
খুলনা-৪ আসনেও অনুরূপ চিত্র দেখা গেছে। সেখানে খেলাফত মজলিসের প্রার্থী ১৩ হাজার ৬৩২ ভোটের ব্যবধানে পরাজিত হন। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পান ১৩ হাজার ৩৪৫ ভোট। সংশ্লিষ্টদের মতে, সমমনা ভোট একীভূত হলে ফলাফল ভিন্ন হতে পারত।
সব মিলিয়ে খুলনার ছয়টি আসনে এবারের নির্বাচনে বড় দলগুলোর দাপটের পাশাপাশি ছোট ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ছিল হতাশার বার্তা। বিপুল সংখ্যক প্রার্থীর জামানত হারানো স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমীকরণ ও জোট রাজনীতির প্রশ্ন সামনে এনেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.