জামালপুর প্রতিনিধি
নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগে উপাচার্য ও প্রো-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনকে কেন্দ্র করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্রগোলের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
সকালে “বিশ্ববিদ্যালয় রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের” ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি হয়েছে, ডিপিপির নামে সময়ক্ষেপণ ও অর্থ অপচয় হয়েছে এবং প্রশাসনের ছত্রছায়ায় নিয়োগ বাণিজ্য চলছে।
আন্দোলনকারীদের দাবি, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রো-ভিসির ঘনিষ্ঠদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ দাবি করেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের বিরোধিতা করে গেটের তালা ভেঙে দেন এবং ব্যানার সরিয়ে ফেলেন। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনের সঙ্গে জড়িত নয় এবং তাদের নাম ব্যবহার করা হয়েছে।
দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
প্রো-ভিসি বলেন, “শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।” আন্দোলনের কারণে দিনভর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.