শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী করার দাবি জানিয়েছেন রাজবাড়ীবাসী।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি জানিয়ে প্রচারণা চালাচ্ছেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দ্বিতীয়বারের মতো রাজবাড়ী-১ আসন (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, অতীতে কয়েকটি জাতীয় নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হলেও যথাযথভাবে প্রচারণা চালাতে না দেওয়ার অভিযোগ ছিল।
এবারের নির্বাচনে তার প্রধান অঙ্গীকার ছিল দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ, স্থায়ী নদীশাসন, রেল শহর হিসেবে পরিচিত রাজবাড়ীতে আধুনিক রেলওয়ে কারখানা স্থাপন, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সন্ত্রাস-চাঁদাবাজি-মাদকমুক্ত সমাজ গঠন।
স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি হিসেবে আন্দোলন করে আসছেন। এখন তিনি এমপি নির্বাচিত হওয়ায় এবং তার দল সরকার গঠন করতে যাচ্ছে—এ অবস্থায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসবে বলে মনে করছেন তারা।
জেলা বিএনপির সূত্রে জানা যায়, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীর পুত্রবধূ অধ্যাপিকা জাহানারা বেগম সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতি এ অঞ্চলের মানুষের গভীর আস্থা রয়েছে। সেই আস্থার জায়গা থেকেই তিনি ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাকে মন্ত্রী করা হলে দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ ও নদীশাসনসহ এ অঞ্চলের উন্নয়নে গতি আসবে।
গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা বলেন, পদ্মা নদীর ভাঙনে রাজবাড়ী ও গোয়ালন্দের মানচিত্র ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। স্থায়ী নদীশাসন, কৃষি ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।
রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দীর্ঘদিন রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে তিনি রাজবাড়ী শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলেছিলেন বলে দাবি করেন তিনি।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনছারী বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ। তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তার মতে, তিনি মন্ত্রী হলে এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় রাজবাড়ীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.