গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা-র নলচিড়া গ্রামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে তিন মাস ধরে এক মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ বন্ধ থাকার ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও এখনো সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কালু খানের ছেলে আল আমিন খান জানান, তার বাবার নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বরে ঘরটির নির্মাণকাজ শুরু করেন নলচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ঠিকাদার জামাল ফকির। অভিযোগ অনুযায়ী, শুরুতেই নিম্নমানের ইট, খোয়া ও বালু দিয়ে নির্মাণকাজ শুরু করা হলে আপত্তি জানান পরিবারটি। পরে কাজ বন্ধ করে রাখা হয় এবং গত তিন মাস ধরে কোনো অগ্রগতি নেই।
তিনি আরও অভিযোগ করেন, কাজ শুরু করার জন্য একাধিকবার বলা হলেও ঠিকাদার কাজ শুরু করছেন না। ভালো মানের ইট ব্যবহারের জন্য প্রতি হাজার ইটের বিপরীতে অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নির্মাণস্থল থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে ভাড়াও দাবি করা হয়েছে বলে জানান আল আমিন খান। সিডিউল অনুযায়ী দ্রুত ঘর নির্মাণ সম্পন্ন করার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জামাল ফকির বলেন, অভিযোগ সঠিক নয়। মূলত বরাদ্দের অর্থ না পাওয়ায় কাজ বন্ধ রয়েছে। শুধু তার কাজ নয়, একই কারণে অন্য ঠিকাদারদের কাজও বন্ধ আছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.