ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার সদর ও নলছিটি উপজেলার সীমান্তবর্তী পোনাবালিয়া গ্রাম পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঐতিহ্যবাহী পোনাবালিয়া শিববাড়ি মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে শিব চতুর্দশী উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় উৎসব ও গ্রামীণ মেলা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের পর ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চনা, শিব দর্শন, পুণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। দেশ-বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত এখানে এসে শিব দর্শন ও পূজা অর্চনায় অংশ নিচ্ছেন।
পোনাবালিয়ার শিববাড়ি মন্দিরকে সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতিবছর শিব চতুর্দশী উপলক্ষে এখানে এই উৎসব পালিত হয়ে আসছে, যা দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে।
মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, পরিবারের মঙ্গল কামনায় শিবের পূজা দিতে প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে সমবেত হন। এ বছরও ব্যতিক্রম হয়নি। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির ও আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
উৎসবকে ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের ধর্মীয় সামগ্রী, খেলনা, মিষ্টান্ন ও গ্রামীণ পণ্যের দোকান বসায় স্থানীয়দের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আয়োজক কমিটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.